মৌলভীবাজার শহরে প্রকাশ্যে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম রুবেল আহমদ (৩৮)। তিনি শহরের শমশেরনগর রোডে অবস্থিত ‘এফ রহমান ট্রেডিং’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। রুবেল আহমদ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত রুবেল আহমদের দোকানে প্রবেশ করে অতর্কিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের সিএনজি অটোরিকশা চালকরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে রাতেই তিনি চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি মৌলভীবাজার পৌর পার্কে প্রকাশ্যে কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে আইনজীবী সুজন মিয়া নিহত হন। সেই রেশ কাটতে না কাটতে এই ধরনের আরেকটি হত্যাকান্ড শহরের জননিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে জনমনে ।
মোয়াজ্জেম চৌধুরী/এমবিএইচ

+ There are no comments
Add yours