রাজশাহীতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল আলম অনিন্দ্যসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এছাড়া অভিযানে বিভিন্ন ধরণের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) ভোর থেকে নগরীর কাদিরগঞ্জে ডক্টর ইংলিশ নামে কোচিং সেন্টারে অভিযান শুরু হয়। রাজশাহী সেনা ক্যাম্প ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) এ অভিযান চালায়।
দুপুর আড়াইটার দিকে রাজশাহী সেনা ক্যাম্পের কমান্ডার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজশাহীর বোয়ালিয়া থানাধীন দরিখরবোনা এলাকায় ৪০ ইস্ট বেঙ্গলের (মেকানাইজড) একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ ১ মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িত সন্দেহজনক তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানটি শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত ভোর রাত ১টা ৩০ মিনিটে শুরু হয়। এসময় গ্রেফতার হন মোন্তাসেবুল আলম আনিন্দ্য, যিনি স্থানীয়ভাবে একজন ইংরেজি শিক্ষক এবং ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টারের মালিক হিসেবে পরিচিত। এছাড়াও মো. রবিন এবং মো. ফয়সাল নামে দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়-
১. ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি।
২. সামরিক মানের দূরবিন ও স্নাইপার স্কোপ।
৩. ৬টি দেশীয় অস্ত্র।
৪. বিদেশি ৭টি ধারালো ডেগার।
৫. ৫টি উন্নতমানের ওয়াকি-টকি সেট।
৬. একটি সামরিক মানের জিপিএস।
৭. একটি টিজার গান।
৮. বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ।
৯. বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড।
১০. বিস্ফোরক বোমা বানানোর সরঞ্জামাদি।
১১. ৬টি কম্পিউটার সেট।
১২. নগদ ক্যাশ- ৭ হাজার ৪৪৫ টাকা।
১৩. বিভিন্ন দেশি-বিদেশি মদ।
১৪. ১১টি নাইট্রোজেন কার্টিজ (বিস্ফোরণের কাজে ব্যবহৃত তাজা সামগ্রী হওয়ায় বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে)
সেনাবাহিনী আরও জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তি রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো আরও তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এদিকে, দুপুরে আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ১১টি বোমা নিষ্ক্রিয় করে। পরে আরেকটি ডুবুরি দল এসে ডক্টর ইংলিশের সামনের পুকুরে অভিযানে নামে। পুকুরেও অস্ত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

+ There are no comments
Add yours