৭০ হাজার কারাবন্দিকে নৈতিকতা শেখাতে উদ্যোগ নিয়েছে সরকার

কারাগার হচ্ছে অপরাধীদের সংশোধনের জায়গা। সেখানে গিয়ে কেউ কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসে, আবার কেউ কেউ সঙ্গদোষে আরও বড় অপরাধী হয়ে বের হয়। সেই কারাবন্দিদের নৈতিকতা শেখাতে এবার উদ্যোগী হয়েছে বর্তমান সরকার। 

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, দেশের ৬৮টি কারাগারের প্রায় ৭০ হাজার কয়েদি ও হাজতিকে নৈতিকতা শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কীভাবে?

এ প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, কারাবন্দিদের নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়ার জন্য তাদের জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ, ওয়ার্ডে ওয়ার্ডে নামাজের ব্যবস্থা, নৈতিকতা ভিত্তিক বইপুস্তক ও জায়নামাজ বিতরণসহ নানা কর্মসূচি শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়।

তিনি বলেন, কারাগারে ভিন্ন ধর্মালম্বী কয়েদিরাও নিজ ধর্মচর্চা ও ধর্মীয় গ্রন্থ অধ্যয়নের সুযোগ পাচ্ছেন। অল্প দিনের মধ্যেই প্রথম কিস্তিতে বিপুল সংখ্যক ধর্মীয় বই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।

সম্প্রতি চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, আগে কারাগারে নৈতিকতা শিক্ষা দেওয়ার তেমন কোনো উদ্যোগ ছিল না। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই কারাবন্দিদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টির কাজ শুরু হয়েছে।

উপদেষ্টা উল্লেখ করেন, ইতোমধ্যে কেরানীগঞ্জ কারাগারে ২৫০০ বন্দি পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করেছেন। তিনি বলেন, বন্দিদের মধ্যে নৈতিকতা ও আদর্শ মূল্যবোধ জাগ্রত করতে হবে, যাতে তারা কারাগার থেকে বের হয়ে সুষ্ঠু ও ভালো জীবনযাপন করতে পারে। এ জন্য প্রত্যেকের নিজ নিজ ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, কারাবন্দিরা যার যার ধর্ম অনুযায়ী শিক্ষা নিলে মনীষীদের জীবন থেকে নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ অর্জন করতে পারবে। এজন্য বই বিতরণ ও শিক্ষক নিয়োগ বাড়ানো হবে। বর্তমানে ইসলামি ফাউন্ডেশনের একজন শিক্ষক কারাগারে এ সংক্রান্ত কাজ করছেন। আগামীতে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours