স্বাধীনতার দাবিতে উত্তাল বেলুচিস্তানকে সন্ত্রাসীদের আশ্রয় আখ্যা দিয়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত ৩ সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে এই পরিষেবা, তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার।
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তান ভৌগলিক আয়তনের দিক থেকে দেশটির বৃহত্তম রাজ্য বা প্রদেশ, একই সঙ্গে বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে জনবিরল, সল্পোন্নত এবং দারিদ্র্যপীড়িত রাজ্য। যেখানে পুরো পাকিস্তানের জনগণ ২৪ কোটি, সেখানে ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট বেলুচিস্তানের জনগণ মাত্র দেড় কোটি।
১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর থেকেই স্বাধীনতা সংগ্রাম চলছে বেলুচিস্তানে, যাকে বিচ্ছিন্নতাবাদ বলে আখ্যায়িত করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও সামরিক বাহিনী। পাকিস্তানের এই রাজ্যে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে নিয়মিতই সংঘাত হয় বিচ্ছিন্নতাবাদীদের।
বেলুচিস্তান খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। ইসলামাবাদে আসীন কেন্দ্রীয় সরকার এবং পাকিস্তানের একান্ত নির্ভরযোগ্য মিত্র চীন যৌথভাবে এই সম্পদ উত্তোলন করে। তবে বেলুচ স্বাধীনতাকামীদের অভিযোগ— বেলুচিস্তানের এই সম্পদ লুট করছে ইসলামাবাদ এবং বেইজিং। কারণ বেলুচিস্তানের কোনো উন্নয়ন হচ্ছে না।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, বিচ্ছিন্নতাবাদীরা কেন্দ্রীয় সরকার এবং বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের কাছে খনিজ সম্পদ বিক্রি থেকে আসা মুনাফার হিস্যা দাবি করেছিল। কিন্তু তাদের দাবি মেনে না নেওয়ায় গত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন সেনা ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।

+ There are no comments
Add yours