যশোরে পাঁচটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ৯৭ লাখ ৫৪ হাজার ৫৬ টাকা। আটক আফছার আলী (৪৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলার জিকরা গ্রামের আনোয়ারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আফছার আলী আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করলে প্যান্টের পকেট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬৬৩ গ্রাম।৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফছার জানিয়েছেন- স্বর্ণের বারগুলো তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। ঢাকা থেকে কলারোয়া হয়ে তার যাবার কথা ছিল। তিনি ঢাকার তেঘরিয়া-কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেছিলেন।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

+ There are no comments
Add yours