‘ধাক্কামারা’ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের সক্রিয় দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন— জুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথি আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)।

শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে তেজগাঁও থানাধীন বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। 

তেজগাঁও থানা সূত্র জানায়, গ্রেফতাররা বসুন্ধরা সিটি শপিং মলের ৭ম তলার লিফটের সামনে কৌশলে এক নারীকে ধাক্কা মেরে তার ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করে। এ সময় সন্দেহ হলে তিনি তার ব্যাগ পরীক্ষা করে টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। এরপর তিনি ও তার স্বামী ডাক চিৎকার করলে শপিং মলের নিরাপত্তা প্রহরীরা এগিয়ে আসেন। নিরাপত্তা প্রহরীদের সহায়তায় দুই নারী আসামিকে আটক করা হয়, তবে তাদের সঙ্গে থাকা অজ্ঞাত আরও দুজন কৌশলে পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত আরও দুজন নারী ভুক্তভোগী জানান, তাদের কাছ থেকেও যথাক্রমে এক লাখ টাকা ও ৪.৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের টিকলি (মূল্য আনুমানিক ৬৪ হাজার ৫০০ টাকা) এবং দশ হাজার টাকা চুরি হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির কথা স্বীকার করেছে।

তেজগাঁও থানা পুলিশ ও নারী পুলিশের সহায়তায় যুথি আক্তারের ভ্যানিটি ব্যাগ থেকে চুরি যাওয়া নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং স্বর্ণের টিকলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, যুথি আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের নেতা। তার নেতৃত্বে ঢাকাসহ সারাদেশে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন শপিং মল, রাস্তা ও গণপরিবহনে চুরির ঘটনা ঘটিয়ে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। 

এ ঘটনায় ডিএমপির তেজগাঁও থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours