বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতাদের গোপন মিটিংয়ের গুঞ্জনে সরব সোশ্যাল মিডিয়া। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে এই গুঞ্জণ শুরু হয়।
তবে বাংলাদেশে পিটার হাস ছিলেনই না এমন তথ্য জানিয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্র। জানা যায়, বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন পিটার।
মঙ্গলবার (৫ অগাস্ট) একাধিক টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই কক্সবাজারে গেছেন এনসিপির নেতারা। তবে বাংলাদেশে পিটারের অনুপস্থিতি সেই গুঞ্জণকে উড়িয়ে দিয়েছে।
তবে জনমনে প্রশ্ন উঠেছে জাতীয় গুরুত্বপূর্ণ এই দিনে আচমকা কক্সবাজার কেনো গেলেন এনসিপি নেতারা! সোশ্যাল মিডিয়া এই বিতর্কের অবসান হয়নি এখনো। অনেকে বলছেন পিটার না হলেও অন্য কোনো মার্কিন গোয়েন্দা প্রতিনিধির সাথে গোপণ আলাপে যোগ দিয়েছিলেন নেতারা।
তবে বিষয়টিকে ‘গুজব’ বলে দাবি করেছেন এনসিপি নেতারা। দলটির মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই না। আমরা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার গেছি।

+ There are no comments
Add yours